উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে উপসাগরীয় রাজনৈতিক সংকট দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি ওমানে বসবাসরত প্রায় ৭ লাখ বাংলাদেশিকে আতিথেয়তা প্রদান এবং কাজের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদি দেশটির দৈনন্দিন জীবনযাত্রা ও সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদান ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।
এ সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই নেতা। বিশেষ করে বাংলাদেশের ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দরভিত্তিক লজিস্টিকস বা রসদ সরবরাহ খাতে ওমানের বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। ওমান সরকারও বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।
টিএইচএ/
