পাক-আফগান ইস্যুতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান মুত্তাকীর

by hsnalmahmud@gmail.com

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সংবেদনশীল ইস্যুগুলোতে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার জন্য রাজনীতিবিদ, আলেম, শিক্ষাবিদ, লেখক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
তিনি বলেন, দুই মুসলিম দেশের সম্পর্ক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে মন্তব্য ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতা পরিহার করতে হবে। একই সঙ্গে এমন বক্তব্য বা অবস্থান গ্রহণ করা উচিত নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

রবিবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের ষষ্ঠ বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

মুত্তাকী বলেন, ‘আমরা আফগানিস্তান ও পাকিস্তানের রাজনীতিবিদ, আলেম, অধ্যাপক, লেখক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন দুই দেশের মধ্যকার বিষয়গুলো সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অনুসরণ করেন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকেন।’

তিনি আরও জানান, চীনের মধ্যস্থতায় চীনের উরুমকি শহরে অনুষ্ঠিত বৈঠকগুলো ইতিবাচক অগ্রগতি এনে দিয়েছে।
বিশেষায়িত শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্ঞান অর্জন ও পড়াশোনা সবার জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যক্তিগত মতের ওপর নির্ভর না করে গ্রহণযোগ্য ও দায়িত্বশীল বক্তব্য প্রদান করা প্রয়োজন।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মুত্তাকী। তিনি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানের কোথাও সশস্ত্র বিরোধী তৎপরতার কোনো চিহ্ন নেই। তার মতে, এই স্থিতিশীল পরিবেশ শিক্ষা, উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার জন্য বড় সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘পুরো আফগানিস্তানজুড়ে কোথাও দেখা যাচ্ছে না যে বিরোধী গোষ্ঠীগুলোর কোনো জেলা বা প্রদেশে ঘাঁটি রয়েছে কিংবা তারা হামলা চালাচ্ছে। সামগ্রিকভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং এটি আমাদের জন্য একটি মূল্যবান সুযোগ।’

এর আগে কাবুলে আয়োজিত আরেক অনুষ্ঠানে মাওলানা মুত্তাকী বলেন, দীর্ঘ কয়েক দশকের অস্থিরতার পর আফগানিস্তান এখন একটি স্থিতিশীল দেশে পরিণত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কও আগের তুলনায় আরও বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সূত্র: টোলো নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222