ফ্যামিলি কার্ডের মতো এখন থেকে দেশের নারী প্রধান পরিবারের মা-বোনদের হাতে এলপিজি কার্ডও তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই জনকল্যাণমুখী সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দিন আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। মা-বোনদের রান্নার কাজে অনেক কষ্ট পোহাতে হয়। তাদের সেই কষ্ট লাঘব করতে আমরা তাদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দেবো। এর ফলে রান্নার জ্বালানি নিয়ে মা-বোনদের আর দুশ্চিন্তা করতে হবে না।
সমাবেশে প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মা-বোনদের শিক্ষার ব্যবস্থা যেমন বিনামূল্যে করবো, তেমনি তাদের উপবৃত্তিও প্রদান করা হবে। শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামের সকল যোগ্য মায়ের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এলপিজি কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগগুলো যুগান্তকারী ভূমিকা রাখবে। বিশেষ করে চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার নারীরা এই সুবিধার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় মা-বোনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
টিএইচএ/
