রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি।
তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ দখল করেন। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা সম্প্রতি হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ শ্রমিকদের মধ্যে শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, মো. আজমত আলী, মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ হোসেন, মো. শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা।
এনআর/
