বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর ও ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রয়ের জন্য আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) নিলাম অনুষ্ঠিত হবে। গত রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি ব্যয় নির্বাহের লক্ষ্যে দীর্ঘমেয়াদি ঋণের অংশ হিসেবে এই বন্ডগুলো রি-ইস্যু করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে যার অবশিষ্ট মেয়াদ ১৪.৩৩ বছর। এই নিলামে ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.২৮ শতাংশ কুপন হারে ইস্যু করা ১ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪০ সালের ২৭ আগস্ট। একই দিনে ২০ বছর মেয়াদি বন্ডের অবশিষ্ট ১৯.৩৩ বছরের জন্য রি-ইস্যু নিলাম অনুষ্ঠিত হবে। এই বন্ডের কুপন হার ১০.৩০ শতাংশ এবং অভিহিত মূল্য ১ হাজার কোটি টাকা। ২০৪৫ সালের ২৭ আগস্ট এই বন্ডের মেয়াদ শেষ হবে। উভয় বন্ডের নিলাম প্রক্রিয়া হবে প্রাইসভিত্তিক।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে। বিনিয়োগকারীদের প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বন্ডের জন্য কাঙ্ক্ষিত মূল্য ও পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে।
আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের এফএমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ম্যানুয়াল পদ্ধতিতে সিলগালা করা খামেও বিড জমা দেওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।
টিএইচএ/
