আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ওষুধবিষয়ক উপমন্ত্রী হামদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে। এই সফরের উদ্দেশ্য হলো আফগানিস্তানে ওষুধ আমদানি সহজ করা এবং দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা।
কর্মকর্তাদের মতে, সফরটি আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে। বিশেষ করে ওষুধ এবং খাদ্যপণ্য সরবরাহ ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় পারস্পরিক সমন্বয় বাড়ানোই এর মূল লক্ষ্য।
সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো এমন কার্যকর ব্যবস্থা তৈরি করা, যাতে আফগান ব্যবসায়ীরা উচ্চমানের, নিরাপদ ও নির্ভরযোগ্য ওষুধ ও খাদ্যপণ্য সহজে আমদানি করতে পারেন।
এই সফরে প্রতিনিধিদলটি রাশিয়ার ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় থাকবে—মান নিয়ন্ত্রণে সমন্বয়, নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, গুণগত মান যাচাই ব্যবস্থা উন্নত করা এবং সহযোগিতার জন্য বাস্তব কাঠামো তৈরি।
এছাড়া প্রতিনিধিদলটি রাশিয়ার শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করবে। সেখানে তারা উৎপাদন সক্ষমতা পর্যবেক্ষণ, আধুনিক ওষুধ উৎপাদন প্রযুক্তি ও মান নিশ্চয়তা পদ্ধতি সম্পর্কে ধারণা নেবে এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখবে।
কর্মকর্তারা জানান, এই সফরের মাধ্যমে জ্ঞান বিনিময়, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে ফার্মাসিউটিক্যাল উৎপাদন ও আমদানি খাতে সহযোগিতার পথ আরও সুগম হবে। সূত্র: আরিয়ানা নিউজ
হাআমা/
