হিজবুল্লাহর হাতে আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু

by Abid

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আরও এক ইসরায়েলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, গত রোববার লেবানন সীমান্ত সংলগ্ন আল-মানারা এলাকায় হিজবুল্লাহর ছোড়া একটি বিস্ফোরকভর্তি ড্রোন সরাসরি একটি সামরিক যানবাহনে আঘাত হানলে ৪৭ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট আলেকজান্ডার গ্লোবিনেভ নিহত হন। তিনি একটি ব্যাটালিয়নের প্রধান যানবাহন চালক হিসেবে দায়িত্বরত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, গত মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত তাদের সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

এদিকে এই ঘটনার পর দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, দক্ষিণ লেবাননের গ্যালিলি অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দের পাশাপাশি ইসরায়েলি বিমান ও গোলন্দাজ বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের ইয়াহমুর আল-শাকীফ গ্রামে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া মাইফাদুন, কাফর তিবনিত এবং নাবাতিহ আল-ফাওকা গ্রামের উপকণ্ঠে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী অবিরাম শেল বর্ষণ করছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের শউকিন গ্রাম সংলগ্ন এলাকাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, একটি ‘সন্দেহজনক লক্ষ্যবস্তু’ শনাক্ত করার পর কিরিয়াত শমোনা থেকে দক্ষিণ লেবাননের দিকে দুটি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের বাহিনী যেখানে মোতায়েন রয়েছে, সেখানে একটি সন্দেহজনক আকাশপথের লক্ষ্যবস্তু তারা সফলভাবে ভূপাতিত করেছে। অপর দিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের তাইবেহ শহরের ‘বাইডর আল-ফাকানি’ এলাকায় একটি ড্রোন ব্যবহার করে তৃতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সীমান্তজুড়ে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222