ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এই দুর্ঘটনায় আহত আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টিএইচএ/
