আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের সরকারি ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করা হয়েছে। নতুন এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, চাঁদের হিসাব ও ঈদের আসল তারিখ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়, তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে আগামী বৃহস্পতিবার (২৮ মে) দিনটিকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে বলে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদে দুই দিন ছুটি দেওয়ার নিয়ম কার্যকর ছিল।
পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের পক্ষে জারি করা ওই সংশোধনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কোরবানির ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু নতুন হিসাব অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৮ মে) বকরি ঈদ বা ঈদুল আজহা পালন করা হবে। এই কারণে আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন এনে শুধু ২৮ মে ছুটি ঘোষণা করা হচ্ছে এবং তার আগের দুই দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ফলে ২৬ ও ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) সাধারণ কাজের দিন হিসেবেই গণ্য হবে।
টিএইচএ/
