বশির আহম্মদ মোল্লা (নরসিংদী): নরসিংদী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালে বর্ধিত শয্যার চিকিৎসাসেবা কার্যক্রম চালুরও আনুষ্ঠানিক অনুমতি প্রদান করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নরসিংদী জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যা সেবা কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ১ শাখার গত ১৮ মে ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিশদ পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট বিধি বিধান, আর্থিক সংগতিসহ বিভিন্ন দিক বিবেচনা করে এই প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয় যে, নরসিংদী জেলা হাসপাতালের বিদ্যমান ১০০ শয্যাকে এখন থেকে ২৫০ শয্যায় রূপান্তর করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এর বর্ধিত সেবা কার্যক্রম চালু করা হবে।
স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নরসিংদীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীদের বাড়তি চাপ মোকাবিলায় সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে জেলার ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংকট ছিল অন্যতম বড় সমস্যা। শয্যা সংখ্যা আড়াই গুণ বৃদ্ধি পাওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত, আধুনিক ও বিস্তৃত চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে। অর্থ বিভাগের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
টিএইচএ/
