মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার “শিবালয় কেন্দ্রীয় ঈদগাহ” ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা।
আয়োজক সূত্রে জানা যায়, আগামীকাল ২৮ যে ২০২৬ বৃহস্পতিবার ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে।
এবারের জামাতে ইমামতি করবেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লামা শাহ আহমাদ শফী (রহ.)-এর খলীফা এবং আল্লামা মুফতী গোলাম রহমান (রহ.)-এর সাহেবজাদা, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। তিনি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতির দায়িত্বও পালন করছেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের কথা বিবেচনায় রেখে ঈদগাহ ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি থাকবে এবং যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রখ্যাত আলেম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার ইমামতিতে ঈদের নামাজ আদায় করতে পারা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। এতে ঈদের আনন্দ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শিবালয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটি বড় ঈদের জামাতের জন্য পরিচিত। গত বছর ঈদুল আজহার জামাতের মাধ্যমে এর সূচনা হয়, এবছর উক্ত ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতেরও ইমামতি করেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া। আগামীকাল ঈদুল আযহার জামাতও খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
হাআমা/
