হিজবুল্লাহর রকেট-ড্রোন হামলায় কাঁপল উত্তর ইসরায়েল

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: এবার উত্তর ইসরাইল কেঁপে উঠেছে হিজবুল্লাহর রকেট-ড্রোন হামলায়। লেবানন থেকে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার ফলে কিরিয়াত শমোনা এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর উত্তরাঞ্চলের একাধিক স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

শনিবার (৩০ মে) ভিডিওসহ প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে ভূপাতিত করা হয়। এছাড়া আরেকটি সন্দেহভাজন আকাশযান লেবানন সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে।

এদিকে ঘটনাস্থলে থাকা সংবাদদাতাদের বরাত দিয়ে জানা গেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয়। হামলার পর পশ্চিম গ্যালিলি অঞ্চলেও বিমান হামলার সতর্কসংকেত সক্রিয় করা হয়।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা পূর্ব লেবাননের জৌতার শহরের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনীর একটি মারকাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি আরও জানায়, দক্ষিণ লেবাননের দাবেইন শহরের উপকণ্ঠে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে। একই এলাকায় উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে তারা।

বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহর উপকণ্ঠে অবস্থান করছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে দীর্ঘদিন ধরেই শহরটি ইসরায়েল-লেবানন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222