পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট।
বৃহস্পতিবার (৪ জুন) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড ও সাবেক এই অজি পেসারের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই চুক্তি ও সম্পর্কের অবসান ঘটানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজের পারিবারিক জটিল পরিস্থিতির কথা ক্রিকেট বোর্ডকে জানানোর পর চুক্তি সংশোধন করে কম সময়ের জন্য দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেছিলেন টেইট। তবে বোর্ডের সাথে আলোচনা শেষে সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে পুরোপুরি সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে একমত হয়েছে দুই পক্ষ। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন টেইট। সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের অধীনে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে দৃশ্যমান উন্নতি এসেছে বলে মনে করে ক্রিকেট বোর্ড। গত এক বছরে টাইগার পেসারদের গতি, ধারাবাহিকতা ও কার্যকারিতা বৃদ্ধির পেছনে তার অসামান্য ভূমিকার কথাও বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণ দেশের ক্রিকেটে বড় আলোচনার জায়গায় পরিণত হয়েছে। একসময় পুরোপুরি স্পিননির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ এখন টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—তিন সংস্করণেই নিয়মিত পেসারদের ওপর ভরসা রাখছে এবং সাফল্য পাচ্ছে। দলের এই ইতিবাচক পরিবর্তনের পেছনে টেইটের কোচিং ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দায়িত্ব ছাড়ার বিষয়ে শন টেইট বলেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা তার জন্য অত্যন্ত সম্মানের ছিল। এই দলের প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি সবসময় মনে রাখবেন। সিদ্ধান্তটি নেওয়া তার জন্য সহজ ছিল না উল্লেখ করে তিনি পুরো প্রক্রিয়া জুড়ে বিসিবির সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশি পেসারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিসিবিও টেইটের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে।
টিএইচএ/
