হামজা চৌধুরীকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করল লেস্টার সিটি

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: বাংলাদেশের পোস্টার বয়, ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর জীবনের অজানা অধ্যায় নিয়ে লেস্টার সিটি ‘HAMZA CHOUDHURY DOCUMENTARY | Bangladesh Duty’ শিরোনামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে । আজ শুক্রবার (৫ জুন) ভোরে ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশিত হয়। এই প্রামাণ্যচিত্রে হামজার পেশাদার ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশের প্রতি নাড়ির টান ও আন্তর্জাতিক ফুটবলে তার যাত্রার এক আবেগঘন চিত্র ফুটে উঠেছে।

নিজের শিকড়ের টানে বাংলাদেশ জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নেওয়াটা হামজার জীবনের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, সবারই স্বপ্ন থাকে আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলার। তিনি ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। তবে এখন তার সামনে যে সুযোগটি এসেছে, এটি তার জন্য অবিশ্বাস্য এক অর্জন। তার এই সিদ্ধান্তে পরিবারের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে তার মা জানান, বিষয়টি তাদের জন্য কতটা আবেগপূর্ণ ও গর্বের ছিল।

বিজ্ঞাপন
banner

ডকুমেন্টারিতে ভারতের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের প্রস্তুতি ও মাঠের স্নায়ুচাপের বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে। নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচ প্রসঙ্গে হামজা বলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। তারা শুধু জয়ের জন্যই নয়, বরং পুরো জাতিকে গর্বিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। বাংলাদেশের দর্শকদের কাছ থেকে পাওয়া অকৃত্রিম ভালোবাসা তাকে অভিভূত করেছে। হামজা আরও জানান, তিনি সীমাহীন ভালোবাসা ও সমর্থন পেয়েছেন এবং নিজের ক্ষমতার সবটুকু উজাড় করে দেবেন, যাতে তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে পারেন।

লেস্টার সিটির এই মিডফিল্ডার কেবল মাঠে নয়, বরং বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতেও নতুন জোয়ার এনেছেন। প্রামাণ্যচিত্রটিতে তার মানবিক গুণাবলী, অনাথ শিশুদের পাশে দাঁড়ানো এবং মাঠের বাইরের এক সাধারণ মানুষের জীবনের গল্প উঠে এসেছে, যা তাকে বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে।

লেস্টার সিটির এই ডকুমেন্টারিটি শুধু একজন পেশাদার ফুটবলারের গল্প নয়, বরং এটি আত্মপরিচয় ও শিকড়ের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার এক অনন্য আখ্যান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222