লেবানন-ইসরায়েলকে পঞ্চম দফায় বৈঠকে বসাচ্ছে ওয়াশিংটন

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটনে আগামী ২৩ থেকে ২৫ জুনের মধ্যে পঞ্চম দফায় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই ঘোষণা দিয়েছে। গত এপ্রিল মাসে শুরু হওয়া চার দফা বৈঠকের পর দুই দেশের মধ্যে একটি টেকসই চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটনে এটি হতে যাচ্ছে পঞ্চম দফার আলোচনা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে ফোনে কথা বলেছেন এবং আসন্ন আলোচনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের সার্বভৌম সরকার হিসেবে টেকসই শান্তির লক্ষ্যে অগ্রগতি অর্জনের বিষয়ে কথা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগটি কাজে লাগানোর জন্য প্রেসিডেন্ট আউনের সাহসিকতার প্রশংসা করেন। ওয়াশিংটন লেবাননের একটি সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে সমর্থন করে যা তার প্রতিবেশীদের সাথে শান্তিতে বসবাস করবে। মার্কিন প্রশাসন মনে করে, পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বারবার ঘটে যাওয়া সহিংসতার চক্র বন্ধ করার একমাত্র বাস্তবসম্মত উপায় হলো এই আলোচনা।

বিজ্ঞাপন
banner

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সব ফ্রন্টে তাৎক্ষণিক ও স্থায়ী সামরিক অভিযান বন্ধের চুক্তি স্বাক্ষরিত হওয়ার দুই দিন পরই এই নতুন দফার বৈঠকের ঘোষণা এলো। তবে এই আলোচনার খবরের মধ্যেই লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ১০৬টিরও বেশি হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন। এর আগে চলতি জুনের শুরুতে অনুষ্ঠিত চতুর্থ দফার আলোচনায় মার্কিন মধ্যস্থতায় দুই দেশ একটি পরীক্ষামূলক যুদ্ধবিরতি অঞ্চল (পাইলট জোন) গঠনে সম্মত হয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই বিশেষ অঞ্চলে কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী থাকতে পারবে না এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এককভাবে লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের বক্তব্য অনুযায়ী, প্রথম ধাপে জওতার আল-গারবিয়া, জওতার আশ-শারকিয়া এবং শকিফ দুর্গ এলাকাকে এই পরীক্ষামূলক অঞ্চলের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে লেবানন। সব পক্ষ প্রয়োজনীয় গ্যারান্টি দিলে ২৪ ঘণ্টার মধ্যে এটি কার্যকর হতে পারে। তিনি উল্লেখ করেন যে পূর্ববর্তী আলোচনা খুবই জটিল ছিল এবং লেবাননের প্রতিনিধি দল আলোচনার স্থগিতাদেশ চাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র হস্তক্ষেপে তা আবার শুরু হয়। প্রেসিডেন্ট আউন সতর্ক করে বলেন, এই চুক্তিই হয়তো শেষ সুযোগ, অন্যথায় সব পক্ষকে নিজ নিজ দায়ভার নিতে হবে। গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৯৮০ জন নিহত, ১২ হাজারের বেশি মানুষ আহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222