লালমনিরহাট প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢল ও হালকা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে নদী-তীরবর্তী এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দি মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উজানে ভারতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। সেই ঢল বাংলাদেশ অংশে প্রবেশ করায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ইতোমধ্যে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। জেলার ৫টি উপজেলার নদী-তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদীর তীরবর্তী এলাকার উঁচু রাস্তাগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এসব বাঁধ চলতি বন্যায় ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ না করে ফেলে রাখে এবং বর্ষা এলে জরুরি মেরামতের নামে সরকারি অর্থ অপচয় করে বলে ক্ষোভ প্রকাশ করেন নদীপাড়ের বাসিন্দারা।
নদীপাড়ের গোবর্দ্ধন গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ জানান, কয়েক দিন ধরে পানি বাড়া-কমা করলেও আজ পানি বৃদ্ধির পরিমাণ অনেক বেশি। চরাঞ্চলের বহু বাড়িতে পানি ওঠায় শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে কষ্টের পাশাপাশি সাপ ও বিষাক্ত পোকার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নদীপাড়ের মানুষের নিদ্রাহীন রাত কাটছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বিকেল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী-তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে বলেও জানান তিনি।
টিএইচএ/
