আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছু সময় পরেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)-এর তথ্য অনুযায়ী, জাপানে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। ভূমিকম্পটি জাপানের কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
শক্তিশালী এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়ন’ করার কঠোর নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে নতুন করে সুনামি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। একই সঙ্গে দেশের পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ভূমিকম্পের পরপরই পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেআর ইস্ট নামে পরিচিত ‘ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি’ তাদের বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়। তারা জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং রাজধানী টোকিওর মধ্যে চলাচলকারী সমস্ত হাই-স্পিড বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। হঠাৎ ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় সাময়িক ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
টিএইচএ/
