বাংলাদেশে ৯২১ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ১২টি চীনা কোম্পানির

প্রধানমন্ত্রীর বেইজিং সফর

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের বিভিন্ন উপখাতে ৯ দশমিক ২১ বিলিয়ন (৯২১ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটির ১২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

গত ২৫ জুন চীনের বেইজিংয়ে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, চীনের এই বিশালাকার বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি, বন্দর, যোগাযোগ, শিক্ষা ও ওষুধ শিল্পে এক অভূতপূর্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

প্রাপ্ত তথ্য ও দাপ্তরিক নথি অনুযায়ী, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিশ্বখ্যাত অপারেটর ‘সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড’ ৮৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও গ্যাস ক্ষেত্র নিয়ে কাজ করা ‘চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড’ গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে ২৫ কোটি ডলার এবং ইলেকট্রিক স্মার্ট মিটার তৈরির জন্য ‘শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড’ ২৫ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এ ছাড়া মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ও পরিচালনার জন্য ‘চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন’ ৬৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, যা মোংলাকে একটি নতুন লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলবে এবং প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। চীনের বৃহত্তম লজিস্টিক কোম্পানি ‘এসএফ এক্সপ্রেস’ মোংলায় কোল্ড চেইন লজিস্টিকস ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার জন্য ১৮ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।

অন্যদিকে ‘হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড’ পায়রা বন্দর শিল্প এলাকায় রিসাইকেলড তুলা উৎপাদন, লিথিয়াম ব্যাটারি তৈরি এবং নিজস্ব ব্যবহারের জন্য ২০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। একই শিল্প এলাকায় ‘ঝংক্সিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ’ ই-বর্জ্য পুনর্ব্যবহার ও নিষ্পত্তির একটি বৃহৎ প্রকল্পের জন্য ১৬৫ কোটি ডলার বিনিয়োগ করবে।

এ ছাড়া বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে রোলিং স্টক অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনে ‘সিআরআরসি জিয়াং কোম্পানি লিমিটেড’ ১৯ কোটি ডলার এবং দেশের অন্যতম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে ৪৫০ কোটি ডলার বিনিয়োগের বিশাল প্রস্তাব দিয়েছে ‘সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড’। শিক্ষা খাতে ‘চায়না কেপাই এডুকেশন গ্রুপ’ একটি আধুনিক ফলিত বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমূলক শিক্ষা পার্ক নির্মাণে ২৭ কোটি ডলার এবং ‘চায়না শানডং ঝংক্সিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড’ উন্নত ভেষজ চাষের শিল্প প্রতিষ্ঠায় ১৯ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, যা চীনা বিনিয়োগকারীদের মধ্যে বিপুল আত্মবিশ্বাসের সৃষ্টি করেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222