আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ঘরে গরুর গোসত রান্না করার অভিযোগে একই পরিবারের তিন নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গত বুধবার রাজ্যের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত বুধবার তারা গোপন সূত্রে খবর পান যে একটি বাড়িতে রান্নার উদ্দেশ্যে গরুর মাংস আনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই বাড়িতে অভিযানে যায়। পুলিশের দাবি, অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে চারজন পুরুষ কৌশলে পালিয়ে যান এবং সেখানে উপস্থিত নারীরাও স্থান ত্যাগ করার চেষ্টা করেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই তিন নারীকে আটকে সমর্থ হয়। অভিযানকালে বাড়িটি থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে রাখা কাঁচা মাংস জব্দ করা হয়।
এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ সুপার (এসপি) অভিষেক সিং জানান, তারা তিন নারীকে গ্রেফতার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আটককৃত নারীরা স্বীকার করেছেন যে উদ্ধারকৃত মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে তাদের পরিবারের এক সদস্য এগুলো নিয়ে এসেছিলেন। পুলিশ ইতিমধ্যেই মাংসের নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। পুলিশ আরও জানায়, পলাতক ওই তিন নারীর স্বামী এবং তাদের এক নিকট আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা চলছে, যিনি পেশাগত কারণে মুম্বাইয়ে থাকেন।
অভিযুক্ত ওই তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত মাংসের পরিমাণ উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে। পুলিশের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষিদ্ধ মাংস ঠিক কোন জায়গা থেকে সরবরাহ করা হয়েছে তা নিশ্চিত করতে একটি আলাদা তদন্ত শুরু করা হয়েছে। এর পাশাপাশি ওই পরিবারটি এর আগেও কখনো গরুর মাংস কিনেছিল কি না, তা-ও খতিয়ে দেখছে প্রশাসন।
টিএইচএ/
