দেড় বছর পর নিখোঁজ ফিলিস্তিনির মৃত্যুর খবর দিল ইসরায়েল, লাশ হস্তান্তরে অস্বীকৃতি

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: দীর্ঘ দেড় বছর অনুসন্ধানের পর অবশেষে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আকাবা গ্রামের বাসিন্দা মাজদি আবু আররার মৃত্যুর খবর পেয়েছে তার পরিবার। দেড় বছর আগে ইসরায়েলি বাহিনীর হামলায় তার মৃত্যু হলেও এতদিন ধরে এই তথ্য গোপন করে রেখেছিল ইসরায়েল। মৃত্যুর খবর নিশ্চিত করলেও বর্তমানে যুবকের মরদেহ নিজেদের হেফাজতে আটকে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

যৌথ বিবৃতিতে সংস্থা দুটি জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি পক্ষকে মাজদি আবু আররার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। তবে দেড় বছর ধরে তাকে জোরপূর্বক নিখোঁজ বা ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ করে রাখার পর এই তথ্য দেওয়া হলো। ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, ইসরায়েল তার মৃত্যুর খবর জানালেও ঠিক কোন তারিখে বা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে একটি পূর্ণাঙ্গ সুপরিকল্পিত নিখোঁজের অপরাধ হিসেবে অভিহিত করেছে। একই সাথে তারা উল্লেখ করেছে যে, গাজা উপত্যকার আরও বহু বন্দি ইসরায়েলি কারাগারে এভাবে নিখোঁজ অবস্থায় মারা গেছেন, যাদের তথ্য গোপন রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিহত মাজদির বাবা নূর আবু আররা জানান, রোববার তারা ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘হামোকেদ’ এর কাছ থেকে একটি ফোন কল পান। ওই আইনি সহায়তা কেন্দ্রটির মাধ্যমে ইসরায়েলি আদালতে দীর্ঘ কয়েক মাসের আইনি লড়াই চালানোর পর ইসরায়েলি কর্তৃপক্ষ অবশেষে মাজদির মৃত্যুর কথা স্বীকার করতে বাধ্য হয়। তিনি আক্ষেপ করে বলেন, গত দেড় বছর ধরে পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করা হলেও ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটকে রাখার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আসছিল। অথচ ২০২৪ সালের ৩ ডিসেম্বর অন্য দুজন ফিলিস্তিনির সাথে একটি গাড়িতে থাকা অবস্থায় ড্রোণ হামলার শিকার হয়েছিলেন মাজদি। সেদিন অন্য দুজনের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও মাজদির ভাগ্যে কী ঘটেছিল তা এতদিন গোপন রাখা হয়েছিল।

বিবৃতিতে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো জোর দিয়ে বলেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক নিখোঁজ করার এই বিপজ্জনক প্রবণতা ইসরায়েলের অন্যতম প্রধান দমনপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং ইসরায়েলি কারাগারে ঠিক কতজন বন্দি মারা গেছেন তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১,১৭৩ জন ফিলিস্তিনি নিহত, ১২,৬৬৬ জন আহত এবং প্রায় ২৩,০০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222