ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

by Abid vs36

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশের জনগণকে এই গৌরবময় উৎসবের শুভক্ষণে গভীর অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী ও দূরদর্শী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি দেশজুড়ে উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং সামগ্রিক বিশ্বে আমেরিকার অনন্য অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে নতুন বার্তা দিচ্ছে। বাংলাদেশের মহান স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা এবং সামগ্রিক উন্নয়ন যাত্রায় এক মূল্যবান বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে বলে তিনি চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরে প্রধানমন্ত্রী চিঠিতে লিখেছেন, গত পাঁচ দশক ধরে আমাদের পারস্পরিক সুসম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে বিস্তৃত যোগাযোগের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে রূপ নিয়েছে। বিশেষ করে এ বছরের শুরু থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তার মাধ্যমে আমরা দুই দেশের সম্পর্কের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও মানবিক উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আগামী দিনে আরও জোরদার ও গভীর করতে প্রধানমন্ত্রী এবং তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চিঠির শেষাংশে এই আনন্দময় ও ঐতিহাসিক মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222