বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়ে বাকপ্রতিবন্ধী প্রবীণ পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। দীর্ঘ ২৫ বছর ধরে স্টেশনে দায়িত্ব পালন করা এই অসহায় নারীর মৃত্যুতে পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও স্টেশন সূত্রে জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে অসহায় ববি বেগমের ওপর হামলা চালায়। অমানবিক মারধরের পর তার বহু বছরের জমানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনার পর স্টেশনের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় স্টেশনে ফিরিয়ে আনা হয়েছিল।
বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে হঠাৎ ববি বেগমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পুনরায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার স্বার্থে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সদর হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে তার করুণ মৃত্যু হয়। ২৫ বছর ধরে মেথিকান্দা স্টেশনের সেবা দিয়ে আসা বাকপ্রতিবন্ধী এই বয়োবৃদ্ধার ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
টিএইচএ/
