বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক জাহিদুল কবির ভূঁইয়া। এলাকার সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
জাহিদুল কবির ভূঁইয়া বহু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, নরসিংদী ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এ ছাড়া বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় ও নরসিংদী হার্ট ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্যসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন। বিগত রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি বহু মামলা-হামলার শিকার হয়েছেন এবং বারবার কারাবরণ করেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে রাজনীতি ও স্থানীয় প্রশাসনিক অঙ্গনে তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনায় কাজ করছেন উল্লেখ করে জাহিদুল কবির ভূঁইয়া বলেন, হাজীপুর ইউনিয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়ে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য। কেরানীগঞ্জের আদলে নরসিংদীতে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ পাইকারি ও খুচরা পোশাকের বিপণন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। তার প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজীপুর ইউনিয়ন পোশাক বাণিজ্যের একটি লাভজনক কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
হাজীপুর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি মানুষ তার স্বপ্নের সমান বড়। হাজীপুরকে একটি স্বাবলম্বী ও আধুনিক জনপদে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে কাজ চালানো হচ্ছে।
এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হাজীপুরের শান্তি, সম্প্রীতি ও উন্নতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে এই ইউনিয়নের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিএইচএ/
