চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির মাঝে ছড়িয়ে পড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের ফৈয়জানীপাড়ার কামাল উদ্দিনের স্ত্রী আছবাহার বেগম (৩৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার রিয়াজুদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছবাহার বেগম গত শুক্রবার ও মরিয়ম বেগম শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বন্যাদুর্গত ছনুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
পরিস্থিতির চরম অবনতির সত্যতা নিশ্চিত করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত অন্যান্য ব্যাধির বিস্তার ঘটায় দ্রুত মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকাগুলোতে পাঠানো হয়েছে। তবে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মেডিকেল টিমের সদস্যরা নিজেরাই অবরুদ্ধ ও পানিবন্দি অবস্থায় পড়েছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রচুর পরিমাণ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তাদের স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর রোগীদের অবিলম্বে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তিনি।
ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমীন জানান, তাঁর ইউনিয়নের মধুখালী, ছেলবন, খুদুকখালী, চেমটখালী ও ছনুয়ার টেক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় এখনো বহু মানুষ সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অপ্রতুল শুকনো খাবার ছাড়া সেখানে আর কোনো সহায়তা পৌঁছেনি। ফলে বহু নারী, শিশু ও বৃদ্ধ না খেয়ে দিনাতিপাত করছেন এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ছেন।
টিএইচএ/
