৩৬নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জুমার খুতবায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বয়ান দেওয়ায় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতী উসমান গনির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর (সোনারাম) কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত সালেহ আহমদ শান্ত মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের খুতবায় ইমাম মুফতী উসমান গনি সমাজ থেকে সুদ, ঘুষ, বিজাতীয় সংস্কৃতি এবং মাদকের ভয়াবহতা দূর করার বিষয়ে ধর্মীয় অনুশাসন তুলে ধরে বক্তব্য দেন। বয়ানে তিনি উল্লেখ করেন, মাদকের কারণে আজকের যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং অনেকেই সারারাত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলেও ফজরের সালাত আদায় করছেন না।
ভুক্তভোগী ইমাম মুফতী উসমান গনি অভিযোগ করে জানান, জুমার নামাজ শেষ করে বের হওয়ার পর ছাত্রলীগ নেতা শান্ত তাঁর পথরোধ করেন এবং খুতবার বয়ান তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে অহেতুক তর্ক শুরু করেন। একপর্যায়ে শান্ত তাঁর ওপর চড়াও হন এবং শারীরিক লাঞ্ছনা ও মারধর করেন। পরে আশেপাশের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
স্থানীদের অভিযোগ, ক্ষমতা পটপরিবর্তনের পর অভিযুক্ত এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশল বদলে বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের সাথে ঘোরাফেরা করছেন। অপরাধ করে পার পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারিতে রেখেছে। হামলাকারী নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে যুক্ত থাকায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিএইচএ/
