কুমিল্লায় নৌকায় চড়ে কেন্দ্রে পৌঁছালেন এইচএসসি পরীক্ষার্থীরা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ভোররাত থেকে শুরু হওয়া টানা প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে কুমিল্লার নিম্নাঞ্চল ও প্রধান সড়কগুলো। রাস্তায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়া এবং যানবাহনের চরম সংকট তৈরি হওয়ায় যাতায়াতের আর কোনো বিকল্প না পেয়ে বাধ্য হয়ে নৌকায় চড়ে কেন্দ্রে পরীক্ষা দিতে গেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে এমন ভোগান্তিতে পড়তে হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সচেতন মহলে।

সোমবার (১৩ জুলাই) কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এই নজিরবিহীন ও ঝুঁকিপূর্ণ চিত্র দেখা যায়। জানা গেছে, এইচএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী এদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ১ম পত্র এবং মানবিক শাখার যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরিস্থিতির খবর পেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এসময় তিনি তলিয়ে যাওয়া প্রাঙ্গণ থেকে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে সরাসরি সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন
banner

পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক আনিসুর রহমান চরম ক্ষোভ প্রকাশ করে জানান, এইচএসসির মতো এত বড় ও গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের এমন নৌকায় চড়ে ঝুঁকি নিতে হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, এমনকি প্রবেশপত্র পানিতে ভেসে গেলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত। এমন বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে অন্তত আজকের পরীক্ষাটি স্থগিত রাখা উচিত ছিল বলে মনে করেন তিনি।

পরীক্ষার্থী মাহিনুর আক্তার বলেন, গভীর রাত থেকেই কুমিল্লায় একটানা বৃষ্টি হচ্ছে। ঘর থেকে কোনোমতে বের হয়ে কেন্দ্রে এসে দেখা যায় আশপাশের রাস্তাঘাট হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে গেছে। এমনকি কেন্দ্রের ভেতরের মাঠও জলে থৈ থৈ করছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে চরম ভোগান্তি ও আতঙ্ক নিয়ে পরীক্ষার হলে বসতে হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা পিছিয়ে দিলে সব শিক্ষার্থীর জন্য বড় উপকার হতো।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিষয়ে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, সোমবার ভোররাত থেকেই কুমিল্লাজুড়ে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। কেবল ভোররাত থেকে সকাল পর্যন্ত রেকর্ড ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দিনভর এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আভাস দেয়া হয়েছে।

অন্য এক প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া জানান, ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখায় মোট আটটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সেখানে পানি না জমলেও কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তাদের শিক্ষার্থীদের প্রবেশ করতে বেশ কায়ক্লেশে পড়তে হয়েছে। পাশাপাশি সকাল থেকেই পুরো কুমিল্লা নগরীতে যানবাহন না পাওয়ায় পরীক্ষার্থী ও তাদের স্বজনদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে নগরীর বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বৈরী আবহাওয়া ও কৃত্রিম জলাবদ্ধতার মধ্যে শিক্ষার্থীদের জীবন ও মানসিক স্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ সম্পর্কিত নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222