৩৬নিউজ ডেস্ক: জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। দেশটির সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ঘটনার পর প্রচারিত এক বিশেষ বিবৃতিতে জর্ডানের সাধারণ জনগণের প্রতি একটি বার্তা দিয়েছে আইআরজিসি। সেখানে জর্ডানের নাগরিকদের তাদের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে দেওয়া এবং সরিয়ে দেওয়ার আহ্বানের কথা বলা হয়।
জর্ডানের জনগণের উদ্দেশে আইআরজিসির প্রকাশিত সেই বিবৃতিতে উল্লেখ করা হয়, তারা জর্ডানের সাধারণ মানুষের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব পোষণ করে না। আপনাদের দেশের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল।
বিবৃতিতে জর্ডানের জনগণকে একটি ‘সম্মানিত জাতি’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি আরো জানায়, ফিলিস্তিনের সাধারণ মানুষের কষ্ট ও নিপীড়নের বিষয়টি জর্ডানের নাগরিকরা অন্য যেকোনো দেশের জনগণের চেয়ে অনেক বেশি গভীরভাবে অনুধাবন করতে পারেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
টিএইচএ/
