আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম পাকিস্তানে ভারী বর্ষণের কারণে ইটের তৈরি একটি বাড়ির ছাদ ধসে পড়ে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পুলিশ ও উদ্ধারকারী দলের বরাতে এ খবর নিশ্চিত করা হয়েছে।
পাক উদ্ধারকারী কর্তৃপক্ষের কর্মকর্তা বিলাল ফায়জি জানান, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে ১১টি মরদেহ উদ্ধার করে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও গত কয়েকদিন ধরে ভারী মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আঞ্চলিক জরুরি সেবা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, টানা বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটকদের আপাতত উত্তর পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রবল বৃষ্টিপাত হয়, যা প্রায়শই ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। এর আগে ২০২২ সালে নজিরবিহীন বর্ষা ও বন্যায় দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১,৭৩৯ জন মারা যান এবং প্রায় ৩০ বিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
