‘ককরোচ’ বিক্ষোভ ঠেকাতে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

by Fatih Work

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়নের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। আন্দোলন ও বিরোধীদের বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

ডিএমআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী উঠানামা বন্ধ থাকবে। তবে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মূলত ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে ‘সংসদ চলো’ আন্দোলন এবং ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের সৃষ্টি হয়। এদিকে আজ থেকে শুরু হওয়া ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই ইস্যুতে চরম উত্তেজনার সৃষ্টি হয়। লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদের তীব্র স্লোগান ও হইচইয়ের মুখে উভয় কক্ষের কার্যক্রম দফায় দফায় বিঘ্নিত হয় এবং একপর্যায়ে অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার।

বুধবার সকালে পার্লামেন্ট চত্বরে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। কংগ্রেসের প্রতিনিধি দল কালো পোশাক পরে এবং সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবসহ অন্য সংসদ সদস্যরা কালো স্কার্ফ পরে এই প্রতিবাদে অংশ নেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ৫ দফা দাবি পেশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রতিবাদকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করেছিল দিল্লি পুলিশ। সোমবার আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় পুরো দিল্লি জুড়েই এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222