সবে তো শুরু, এখনও যেতে হবে অনেক দূর : অভিজিৎ দীপকে

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৭ দিনের রক্তঘাম ঝরানো আন্দোলন-সংগ্রাম ও দাবিপূরণের পর আন্দোলনমুক্ত জীবনের প্রথম প্রাতে দেশবাসীকে বিশেষ ও দিকনির্দেশনামূলক বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে। সাফল্য এলেও এখনই থেমে না যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘সবে তো শুরু হলো। আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’

রোববার (২৬ জুলাই) সকালে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, দীর্ঘ লড়াইয়ের পর আজ বেশ শান্তিতে ঘুমিয়েছি। সত্যিই খুব ভালো লাগছে, আজ অন্তত ভাবতে হয়নি সন্ধ্যায় কী ঘটবে কিংবা মনে কোনো ভয় ও আতঙ্ক কাজ করছে না।

বিজ্ঞাপন
banner

আন্দোলনে যুক্ত সাধারণ মানুষের অবদানকে স্মরণ করে তিনি বলেন, বিগত ৩৭টি দিন আমাদের কারও জন্যই সহজ ছিল না। আমি ককরোচ জনতা পার্টির প্রতিটি সদস্য, সমর্থক ও দিল্লির যন্তর-মন্তরে টানা অবস্থান নিয়ে বসে থাকা অদম্য তরুণদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের এই সাহস, ত্যাগ ও অবিচল বিশ্বাস ছাড়া এই ঐতিহাসিক রাজনৈতিক অর্জন কোনোভাবেই সম্ভব হতো না।

ভিডিও বার্তায় দলের সমালোচকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তরুণ নেতা। তিনি বলেন, যারা আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন এবং ভেবেছিলেন আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছি না; তাদের প্রতিও ধন্যবাদ। তাদের গঠনমূলক সমালোচনা আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে রাজপথে প্রতিনিয়ত আরও শক্তিশালী হতে সাহায্য করেছে।

ভবিষ্যৎ পথচলার বিষয়ে পুনরুক্তি করে অভিজিৎ বলেন, আমি আবারও বলছি, আমাদের এই লড়াই সবে মাত্র শুরু, সিজেপিকে বহু দূর পথ পাড়ি দিতে হবে। তাঁর এই দূরদর্শী মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে, সিজেপি কি তবে আগামীতে সরাসরি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে গত এক মাস ধরে উত্তাল ছিল দিল্লির রাজপথ। প্রশ্ন ফাঁসের জেরে অন্তত ১০ থেকে ১২ জন পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে গোটা দেশে ক্ষোভের তীব্র বিস্ফোরণ ঘটে। সেই জনক্ষোভকে সুসংগঠিত করে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেয় সিজেপি। মহারাষ্ট্রের পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক শেষে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোস্টন ইউনিভার্সিটিতে পাঠরত অবস্থায় ‘নিট’ প্রশ্নফাঁস নিয়ে প্রথম অনলাইনে এই আন্দোলন শুরু করেছিলেন অভিজিৎ। পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সরাসরি দিল্লির যন্তর-মন্তরে রাজপথের আন্দোলন গড়ে তোলেন তিনি। শিক্ষার্থীদের সেই অভূতপূর্ব প্রতিবাদের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করতে বাধ্য হন ভারতের বিতর্কিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222