পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্র্যাকডাউন, নিহত ২০

by Fatih Work

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে স্থানীয়দের নির্বাচন বর্জন আন্দোলন দমনে ভয়াবহ ও রক্তক্ষয়ী তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে অন্তত ২০ জন আন্দোলনকারী নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV)-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই সমবেত সাধারণ জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তীব্র পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন
banner

মর্মান্তিক এই সংঘর্ষের ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন ‘জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটি’ (জেএএসি)-এর মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির। পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ জুন থেকে পাক-অধ্যুষিত কাশ্মীরে স্থানীয় আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে অন্তত ৮০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাপ্ত কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এনডিটিভি দাবি করেছে, রাজপথে বিক্ষোভকারীদের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে।

পরিস্থিতির আকস্মিকতায় কাশ্মীরের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। রাওয়ালাকোটের পুরো রাস্তা লাশে ভরে গেছে, চারদিকে শুধু আহত মানুষের বিকট আর্তনাদ। ঈশ্বরের দোহাই, এই মুহূর্তে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান; দয়া করে আমাদের অন্তত নৈতিক সমর্থন দিন।’

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আকিল ভাই আরও বলেন, ‘আমি নিজে কোনোমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেঁচে এসেছি। চোখের সামনে এত ভাইয়ের নির্মম মৃত্যু দেখার পর নিজের জীবন নিয়ে আর কোনো মায়া নেই। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে হাত জোর করে আকুতি জানাচ্ছি, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা শান্তিপ্রিয় সাধারণ মানুষ। অগণিত লাশ আর অসংখ্য আহত মানুষকে টানতে টানতে আমাদের কাঁধ আজ ক্লান্ত হয়ে পড়েছে।’

উল্লেখ্য, গত সোমবার পাক-অধ্যুষিত কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ভোট প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রায় ১৪ হাজারেরও বেশি সশস্ত্র নিরাপত্তাকর্মী পাঠিয়েছে পাকিস্তান সরকার। শহরগুলোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত স্নাইপার বাহিনী।

স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীদের অভিযোগ, চরম বলপ্রয়োগের পাশাপাশি রাজ্য প্রশাসন পুরো অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল টেলিফোন সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। জনজীবন অচল করতে একাধিক এলাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ।

উল্লেখ্য, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা মোট আসনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে ৪৫টি আসনে সরাসরি জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হন। বাকি ৮টি আসন সংরক্ষিত নারী, বিশেষজ্ঞ (টেকনোক্র্যাট) ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য বরাদ্দ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মিরপুর বিভাগের ১৩টি আসনে গত ২৭ জুলাই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন এবং ১২টি শরণার্থী আসনে আগামী ২ আগস্ট ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া পুঞ্চ বিভাগের ১১টি আসনে আগামী ১০ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222