আন্তর্জাতিক ডেস্ক :: ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী একটি ড্রোন মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাংকারে আঘাত হেনেছে।
মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বন্দরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সেখানে ড্রোন হামলার কোনো উল্লেখ করা হয়নি।
বন্দরসেবা প্রতিষ্ঠান ইনচকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দামিয়েত্তায় দুটি গ্যাস ট্যাংকারে আগুন লেগেছে।
ঘটনাটি সম্পর্কে অবগত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোনটি ভাসমান সংরক্ষণ ট্যাংকার এনার্জোস উইন্টারে আঘাত হানে। এতে আগুন লাগে এবং পরে সেই আগুন আরেকটি জাহাজ গাসলগ সালেমে ছড়িয়ে পড়ে। পৃথক দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে ড্রোন হামলাকেই মূল্যায়ন করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিতে পারে।
এ ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।
এনার্জোস উইন্টার একটি ভাসমান সংরক্ষণ ও পুনরায় গ্যাসীকরণ ইউনিট, যার সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ২৫০ ঘনমিটার। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনার্জোস ইনফ্রাসট্রাকচারের মালিকানাধীন। এর কারিগরি, নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে উইলহেমসেন শিপ ম্যানেজমেন্ট, এটিও একটি যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি।
মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দামিয়েত্তা বন্দরে একটি গ্যাসীকরণ জাহাজ এবং একটি সংরক্ষণ জাহাজে আগুন লাগে। অনুমোদিত জরুরি সাড়া পরিকল্পনার আওতায় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পেট্রোলিয়ামমন্ত্রী করিম বাদাউই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও প্রতিক্রিয়া কার্যক্রম তদারকি করেন। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। জরুরি ও কারিগরি দলগুলো এখনও পরিস্থিতি মোকাবিলা এবং ঘটনার প্রভাব মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে।
