প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ‘আল-সাবেরাহ’ গণহত্যার শহীদদের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা আবু শরিআহ ও আল-হাসাইনাহ পরিবারের শতাধিক শহীদের কফিনে শেষ শ্রদ্ধা জানান। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই গণজানাজা ফিলিস্তিনের সমসাময়িক ইতিহাসের অন্যতম বৃহৎ ও মর্মান্তিক অন্ত্যেষ্টিক্রিয়া হিসেবে পরিগণিত হয়েছে।
২০২৩ সালের ২২ নভেম্বর গাজা সিটির দক্ষিণ প্রান্তের আল-সাবেরাহ এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সংঘটিত ওই বর্বর হত্যাকাণ্ডে আবু শরিআহ ও আল-হাসাইনাহ পরিবারের ৩০৮ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছিলেন। ওই শহীদদের মধ্যে ৪০ জন শিশু, ৩০ জন নারী এবং ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। আড়াই বছর ধরে ভারী সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচেই অবরুদ্ধ ছিল এসব দেহাবশেষ। সম্প্রতি উদ্ধারকর্মীদের প্রাণপণ প্রচেষ্টায় একশর বেশি শহীদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়, যাদের মঙ্গলবার একসঙ্গে দাফন করা হয়। তবে এখনও প্রায় ১৫৭ জনের মতো মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে অজ্ঞাত অবস্থায় রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঐতিহাসিক জানাজা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক, অধিকারকর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজার ডিফেন্স ফ্লাডের মুখপাত্র মাহমুদ বাসাল এই ঘটনাকে ফিলিস্তিন ইতিহাসের অন্যতম বেদনাদায়ক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মুস্তফা বারঘৌতি এটিকে ফিলিস্তিনের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা হিসেবে উল্লেখ করেন। গবেষক ড. সাঈদ আল-হাজ ও স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, এই গণবরিফন নিছক কোনো দাফন প্রক্রিয়া নয়, বরং এটি গাজাবাসীর দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের দুঃসহ যন্ত্রণার জীবন্ত দলিল।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা প্রিয়জনদের মরদেহ খুঁজে পাওয়ার এই বেদনাদায়ক প্রক্রিয়া পুরো গাজার যুদ্ধোত্তর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি চুক্তির পরও বিভিন্ন লঙ্ঘনের ঘটনায় গাজায় চরম মানবিক সংকট অব্যাহত রয়েছে। দীর্ঘ এই যুদ্ধ ও গণহত্যার পরিণতিতে অঞ্চলটির ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি কোণে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
