নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

by Abid vs36

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া এই উত্তেজনা মুহূর্তেই চাষাড়া কলেজ রোড, জামতলা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। সেই বক্তব্যের বিষয়বস্তুকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা, বাঁশ ও দেশীয় অস্ত্র দেখা যায়। সংঘর্ষে ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সাধারণ সম্পাদক তামিম ইকবাল ও অর্থ সম্পাদক জুহাজ এবং ছাত্রদলের কর্মী তুহিন আহমেদ ও রবিন আহত হন।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। ছাত্রশিবিরের মহানগর সভাপতি অমিত হাসান দাবি করেন, তোলারাম কলেজে তাদের নেতাদের মারধরের খবর পেয়ে সেখানে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়, যাতে তাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। অন্যদিকে, তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতারা উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাতে আপত্তি জানানো হয়, যার জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

খبر পেয়ে পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধাওয়া দিয়ে উভয় পক্ষকে ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে সরিয়ে দেয়। দুপুর দেড়টার পর পরিস্থিতি শান্ত হলেও ছাত্রদলের কিছু নেতাকর্মীকে লাঠিসোঁটা হাতে কলেজ রোড ও চাষাড়া এলাকায় মিছিল করতে দেখা যায়। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম জানান, অনুষ্ঠান শেষে সংঘর্ষের খবর পেয়ে পুলিশকে জানানো হয় এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, সংঘর্ষে চার-পাঁচজন আহত হলেও তাদের আঘাত গুরুতর নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222