এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা

by Fatih Work

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন। পরদিন শুক্রবার (১৪ মার্চ) থেকে আনুষ্ঠানিক সফরের প্রথম দিনেই তিনি চট্টগ্রামের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার পর বিকেলে ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার আয়োজনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় তার সাথে যোগ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত খলিলুর রহমান ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পরিদর্শনকালে জাতিসংঘের মহাসচিব বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৮) একটি লার্নিং সেন্টার, ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির সেবা ও ত্রাণ বিতরণকেন্দ্রে যাবেন। পাশাপাশি পৃথক তিনটি বৈঠকে রোহিঙ্গা কমিউনিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেলে কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০ বর্ধিত) হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার খবরে আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। সরকারি সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ইফতার অনুষ্ঠানে থাকবে ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, মরিচ্যা, শরবতসহ আনুষঙ্গিক বিভিন্ন খাবার।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222