ইরানে সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে নিহত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এক অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তিনি। অনুষ্ঠানে স্পিকার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষস্থানীয় উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও সর্বস্তরের জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রক্ষিত আনুষ্ঠানিক শোক বইতেও স্বাক্ষর করেন।

এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছালে বিমানবন্দরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তেহরানে অবস্থানকালে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ও দূরদর্শী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ শুরু থেকেই এই শান্তি প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব আন্তর্জাতিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারা আরও গতিশীল করতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।

বিজ্ঞাপন
banner

পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে এক সৌজন্য বৈঠকে অংশ নেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার সার্বিক মানোন্নয়ন ও প্রসারে বাংলাদেশের অভিজ্ঞতালব্ধ কারিগরি সহায়তা কামনা করেন। এ ছাড়া তিনি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করলে স্পিকার এই বার্তা বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট দ্রুত পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন। তেহরান সফরের শেষভাগে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশ-ইরানের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি ইরানে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের আইনি ও প্রশাসনিক সেবা বৃদ্ধির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222