জামালপুরে ভটভটি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, দুই নারীর মৃত্যু

by Fatih Work

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী মর্মান্তিকভা‌বে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আজ রবিবার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভটভটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় অপর এক নারীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার গণমাধ্যমকে জানান, মেলান্দহে সড়ক দুর্ঘটনার পর আহত অবস্থায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুই নারী মারা যান। আহত বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের জন্য স্থানীয় প্রশাসন ও প্রযুক্তিগত সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222