বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার বহুল প্রতিক্ষিত শেষ ষোলোর ম্যাচটি ঢাবির নির্ধারিত কোনো ভেন্যুতেই দেখানো হচ্ছে না। আজ সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আকস্মিক এই ঘোষণায় খেলা দেখার প্রস্তুতি নেওয়া ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনবরত বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে খেলা দেখতে আসা দর্শকদের সার্বিক নিরাপত্তা ও যান্ত্রিক সুরক্ষার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে। তবে আয়োজকরা আশ্বস্ত করে জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী বুধবার থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় নিয়মিত সম্প্রচার করা হবে।
এ বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ লিখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় ঢাবি ক্যাম্পাসের ৫টি ভেন্যুতে অ্যাথলেট স্পোর্টস গিয়ার কর্তৃক বড়পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার আজ ৭ জুলাই বৈরী আবহাওয়াজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে। ভেন্যুগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ। পরিস্থিতি ঠিক হলে আগামীকাল থেকে পুনরায় প্রতিটি ম্যাচ প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হবে বলে তিনি জানান।
সম্প্রচারকারী প্রতিষ্ঠান অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শকদের ব্যাপক আগ্রহ আমাদের দারুণভাবে উৎসাহিত করেছে। তবে প্রতিকূল আবহাওয়ায় কারিগরি ত্রুটি ও নিরাপত্তার সঙ্গে কোনো আপস না করার স্বার্থেই সাময়িকভাবে বড় পর্দায় খেলা দেখানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা জানান, বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে উন্মুক্ত বড় পর্দায় খেলা দেখার আলাদা আনন্দ ও উন্মাদনা রয়েছে। আজকের হাইভোল্টেজ ম্যাচটি দেখতে না পেরে খারাপ লাগলেও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকদের এই সিদ্ধান্তকে তারা যৌক্তিক ও ইতিবাচক মনে করছেন। একই সাথে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে এই বৈরী আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
টিএইচএ/
