জামালপুরে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান, অবৈধ গরুর হাট উচ্ছেদ

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকায় ‘আদর্শ কল্যাণ সংস্থা’র নামে অবৈধভাবে গড়ে তোলা একটি গরুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও পৌর প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে হাটের ইজারাদার ও পরিচালনা কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে হাটে নির্মিত বিভিন্ন অস্থায়ী ঘর, বাঁশের কাঠামো ও অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ ও অপসারণ করা হয়। একইসঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু বিক্রেতাদের তাদের গবাদিপশুসহ নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া ওই স্থানে কোনো প্রকার হাট না বসানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার সাংবাদিকদের জানান, জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই অবৈধভাবে এই গরুর হাটটি বসানো হয়েছিল। জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ইতিপূর্বেও উক্ত হাট পরিচালনাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসনের সেই সতর্কতা উপেক্ষা করে পুনরায় হাট বসানোর দুঃসাহস দেখানোয় আজ এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আবারও অবৈধভাবে এখানে হাট বসানোর চেষ্টা করা হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222