রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে নেপচুন এক্সেসরিজ নামের একটি গার্মেন্টস কোম্পানির ভাড়াটে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উত্তরখানের রাজাবাড়ি এলাকায় ডিএনসিসির আওতাধীন অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক বর্জ্য স্থানান্তরিত কেন্দ্রে (এসটিএস) এ নজিরবিহীন ঘটনাটি ঘটে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযোগ নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন রাজাবাড়ি এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সকালে হামলার খবর পেয়ে দুপুরে ঘটনার সত্যতা ও পরিস্থিতি পরিদর্শনে রাজাবাড়িতে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একদল পুলিশ সদস্য। পরিদর্শনের সময় ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যের সামনেই গার্মেন্টস মালিকপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা পরিচ্ছন্নতাকর্মীদের সাথে পুনরায় চরম দুর্ব্যবহার শুরু করে। একপর্যায়ে তারা উপস্থিত প্রশাসক ও সংসদ সদস্যের ওপর অতর্কিত হামলা চালায়।
এ হামলায় উপস্থিত কয়েকজন আহত হন। পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকেই গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে যান এবং তাদের সার্বিক শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি কাজে বাধা দান, পরিচ্ছন্নতাকর্মী ও জনপ্রতিনিধিদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
