পুলিশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। তিনি বলেন, পুলিশ হবে শুধুই জনগণের বন্ধু, সেবক এবং আইনের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ প্রয়োগকারী।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১ম পর্যায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি, নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক মানবাধিকার সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার নীতি মেনে চলতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের মূল ভিত্তি হলো জনগণের আস্থা। ফলে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক পক্ষপাতিত্ব বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনি কাঠামোর প্রতি শতভাগ অনুগত থাকার আহ্বান জানান তিনি।
অপরাধের নতুন নতুন মাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বর্তমান আধুনিক বিশ্বে অপরাধের কৌশল ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ শক্ত হাতে দমনে পুলিশকে প্রযুক্তিগত দক্ষতায় আরও সমৃদ্ধ হতে হবে।
প্রশিক্ষণ শেষ করা নতুন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের হাতে বিশেষ ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জিএম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
টিএইচএ/
