নরসিংদী-মদনপুর মহাসড়কে ময়লার স্তূপ-খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পথ নরসিংদী-মদনপুর আঞ্চলিক মহাসড়ক এখন বর্জ্যের ভাগাড় ও খানাখন্দে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে দিনের পর দিন জমে থাকা বর্জ্য এবং বৃষ্টি ও পচা তরল বর্জ্যের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

শিল্প, তাঁত ও বাণিজ্যের জন্য বিখ্যাত এই জেলার পৌর এলাকার বর্জ্য দীর্ঘ দিন ধরে সড়কের আশপাশে ফেলায় তা বিশাল স্তূপে পরিণত হয়েছে। সেখান থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধ পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। গন্ধের কারণে অনেক সময় পথচারীরা অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
banner

এর পাশাপাশি সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টির সময় কাদা ও বর্জ্য মিশ্রিত কালো পানিতে এসব গর্ত ঢেকে থাকায় মোটরসাইকেল, রিকশাসহ পণ্যবাহী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় টেক্সটাইল মিলের মালিক শাহজাহান সরকার ও ফয়সাল জানান, সড়কে গাড়ি উল্টে বা কাদাপানি লেগে সুতা ও কাপড়ের বেল নষ্ট হয়ে ব্যবসায়ীদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ যানজটে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস জানান, প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচলের এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এই দুরবস্থা তৈরি হয়েছে। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদাপানিতে ভোগান্তি চরমে পৌঁছায়।

পরিস্থিতি নিয়ে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিরসনে আধুনিক প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। ২০২৫ সালের ২ ডিসেম্বর শুরু হওয়া এই কাজ ২০২৭ সালের ২৪ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, সড়কের পাশে ময়লা ফেলার কারণে পানি জমে রাস্তার ক্ষতি হয়েছে এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222