বশির আহমদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): জনগণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা রেলগেট সংলগ্ন চলাচলের অযোগ্য সড়কটি নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ ফরিদ আহম্মেদ। আজ সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে এবং তাঁরই নির্দেশনায় জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সড়ক মেরামতকালে ডাঃ ফরিদ আহম্মেদ বলেন, জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সবার সামাজিক দায়িত্ব। তিনি বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও সমাজসেবামূলক কাজ করতে বদ্ধপরিকর। আওয়ামী সরকারের আমলে একাধিকবার কারাবরণকারী এই ত্যাগী নেতা দলীয় নির্দেশনা বাস্তবায়নে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি অংশ নেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিজয়ের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন। পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় এই নেতা আগামী দিনেও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি মির্জানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের হাতকে শক্তিশালী করতে এবং তাঁর যোগ্য নেতৃত্বে মির্জানগর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সড়কটি মেরামতের ফলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান ফরাজী এবং ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামাল মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
