আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘ফার্মের মুরগি’ সংক্রান্ত মন্তব্য ইস্যুতে অবশেষে জাতীয় সংসদে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটা এইচএসসি ও সমমানের তিনটি বিষয় পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাসের পূর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে শুরুতেই মন্ত্রী তাঁর দুঃখ প্রকাশের বিষয়টি তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার একটি ব্যক্তিগত বক্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে স্পষ্ট বলতে চাই, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবুও আমার কথায় কেউ যদি আহত হয়ে থাকেন, তার জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।” মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে করতালি ও টেবিল চাপড়ে স্বাগত জানান উপস্থিত সংসদ সদস্যরা।
পরীক্ষা পেছানোর শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যাকবলিত পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে যেতে গিয়ে বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার দিনে প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ এসেছে।
তিনি আরও জানান, পরিস্থিতির ভয়াবহতার কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই বোর্ডের শিক্ষার্থীদের জন্য নতুন প্রশ্নসেটে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিতে হবে। সেই সঙ্গে সমন্বয় করে চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশের অন্যান্য বোর্ডের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা দুটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
টিএইচএ/
