চলমান বন্যা ও প্রতিকূল আবহাওয়ার মাঝে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সোচ্চার আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। আল্টিমেটাম প্রদান শেষে রাজধানীর সায়েন্সল্যাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের অভিমুখে যাত্রা করেন তারা এবং মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন।
বিকাল গড়ানোর আগেই শত শত শিক্ষার্থী মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সড়কে বসে পড়ে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সংসদ ভবন এলাকার সামনের গুরুত্বপূর্ণ ওই সড়কে সব ধরণের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।
এর আগে আজ সকালে শিক্ষার্থীরা প্রথম দফায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে যান এবং নিজেদের দাবি ও ক্ষোভ তুলে ধরে পুনরায় সায়েন্সল্যাবে ফিরে এসে সড়ক অবরোধ করেন। সায়েন্সল্যাব মোড়ের চতুর্দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুরো নিউমার্কেট, ধানমন্ডি ও ধানমন্ডি-মিরপুর সংযোগ সড়কে স্থবিরতা তৈরি হয়।
সায়েন্সল্যাব ও সংসদ ভবন এলাকা ছাড়াও রাজধানীর অন্যান্য অংশে আন্দোলন ছড়িয়ে পড়ে। উত্তরার রাজলক্ষ্মী এলাকা ও মিরপুরের ইসিবি চত্বরেও সমমনা একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চালক ও যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।
টিএইচএ/
