বিশেষ প্রতিবেদক:: আফগানিস্তানের চরম অর্থনৈতিক সংকট কাটানো, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও একটি টেকসই রূপরেখা তৈরির লক্ষ্যে দ্বিতীয় ‘থিংক ট্যাঙ্ক’ সভার আয়োজন করেছে আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (এসিসিআই)।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল আনুষ্ঠানিক মতবিনিময়ের মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। দেশের সার্বিক অর্থনৈতিক নীতিতে কার্যকর করা যায়—এমন একটি পূর্ণাঙ্গ ও বাস্তবমুখী কৌশলগত দলিল প্রণয়নই এ বৈঠকের মূল লক্ষ্য।
চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সভাপতি সৈয়দ করিম হাশেমি বলেন, ‘আফগানিস্তান যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা অর্জন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করতে পারছে, ততক্ষণ নানা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
তিনি জোর দিয়ে বলেন, কেবল প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে সমৃদ্ধি অর্জন সম্ভব নয়; বরং সঠিক চিন্তাভাবনা, দূরদর্শী পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই একটি জাতির স্থায়িত্ব আসে।
বৈঠকে বিশেষজ্ঞ ও শিক্ষক প্রতিনিধিরা আফগান অর্থনীতি পুনরুদ্ধারে স্থায়ী রূপরেখার জোর দাবি জানান। বিশ্ববিদ্যায়লয় শিক্ষক আতিকুল্লাহ রাহিমী ফোরামটিকে একটি স্থায়ী ও সুসংহত কাঠামোতে রূপান্তরের প্রস্তাব দেন, যেন ক্ষুদ্র ও বৃহৎ উভয় পরিসরে বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত সমাধান বাস্তবায়ন করা যায়।
অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষক জান্নাত ফাহিম চাকরি আফগান অর্থনীতির পুনর্গঠনে পাঁচটি মূল চালিকাশক্তিকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে গতিশীল করতে শিল্প, বাণিজ্য, আর্থিক ব্যবস্থা, জ্বালানি ও ব্যাংকিং—এই পাঁচটি মৌলিক খাতের ওপর বিশেষ নজর দেওয়া ও নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।’
সংবাদ সম্মেলন শেষে চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, সভার সমস্ত সুপারিশ ও প্রস্তাবিত সমাধানগুলো সংকলন করে একটি কৌশলগত নীতি-দলিল তৈরি করা হচ্ছে, যা বাস্তবায়নের জন্য দ্রুত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোতে জমা দেওয়া হবে। তথ্যসূত্র: টোলো নিউজ পশতু
