বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

by Fatih Work

দেশের ইমাম, খতীব, মোয়াজ্জিন ও ওলামায়ে কেরামদের অধিকার রক্ষা এবং দ্বীনি কল্যাণ নিশ্চিতে বাগেরহাটে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনটির বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রোববার বিকেলে শহরের গ্লোবাল এডুকেশন ইনিস্টিটিউট মিলনায়তনে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দ্বীনি এই সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় শুরা কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা ইমাম ও খতীব সংস্থার আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি। সভায় প্রধান আলোচক ছিলেন সংস্থার মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবু তাহের আল মাদানি বলেন, দীর্ঘদিন ধরে অরাজনৈতিকভাবে দেশের ইমাম ও খতিবদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও অধিকার আদায়ে কাজ করছে এই সংস্থা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাম ও আলেমদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি যেকোনো সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। একই সাথে দেশের সকল আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার জোর তাগিদ দেন।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমান এই মতবিনিময় সভাকে আলেমদের জন্য এক ঐতিহাসিক মিলনমেলা হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, দেশের ইমাম ও খতিবরা সবচেয়ে অবহেলিত ও অসচ্ছল জীবনযাপন করেন। তাঁরা যেন কোনো অন্যায় হয়রানির শিকার না হন এবং বিপদ-আপদে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পান, সে লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বাগেরহাট জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক ইমাম, খতীব ও ওলামায়ে কেরাম এই মতবিনিময় সভায় অংশ নেন এবং নিজেদের মতামত ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে আলেমদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রিন্সিপাল মাওলানা মানফুজুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা জাহিদুর রহমানকে সদস্য সচিব করে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222