৩৬নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য ঘটনায় এক দম্পতি রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় প্রাণ হারান মো. জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড় ধসের পর ক্ষতিগ্রস্ত স্থান থেকে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে স্থানটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো যেতে অনাগ্রহ প্রকাশ করছেন। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
টিএইচএ/
