বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা।
সোমবার (২ জুন) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার নিয়ন্ত্রণ এবং পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নীতিগত উদ্যোগের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সনাক খুলনার সভাপতি অধ্যাপক রমা রহমান, সহসভাপতি গৌরাঙ্গ নন্দী, সদস্য অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম, আলমাস আরা, ফরহানা ইয়াসমিন আয়েশা, খাদিজাতুল কুবরা, ইয়েস দলের দলনেতা জয়দ্রত শীল, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন এবং এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণ করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পরিবেশ সুরক্ষায় সনাক-এর উদ্যোগকে স্বাগত জানান এবং স্মারকলিপিতে উত্থাপিত সুপারিশসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”
সনাক-এর পক্ষ থেকে বলা হয়, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই সময়। জনসচেতনতা বৃদ্ধি এবং বিকল্প পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে দূষণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
এনএ/
