বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় বাক-প্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নকর্মী ববি বেগমের ওপর অমানবিক নির্যাতন ও জমানো টাকা লুটপাটের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ইউএনও মহদয়। হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্র ও মেথিকান্দা রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে এক ট্রেনে চড়ে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে এসে নামেন বাক-প্রতিবন্ধী ববি বেগম। এরপর থেকে মেথিকান্দা রেলস্টেশনই হয়ে ওঠে তাঁর একমাত্র ঠিকানা। স্টেশনের একটি ছোট কক্ষে থেকে দিনরাত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। আপন বলতে কেউ না থাকা ববি বেগমের জীবন চলত সামান্য মজুরি ও যাত্রীদের দেওয়া আর্থিক সহযোগিতায়।
গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টেশনের কক্ষে ঢুকে অশীতিপর এই বৃদ্ধার ওপর নৃশংস হামলা চালায়। তাকে মারধর করে জীবনের দীর্ঘদিনের উপার্জিত জমানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে স্টেশনের কর্মীরা রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় স্টেশনে নিয়ে আসা হয়।
ঘটনাটি প্রকাশ্যে এলে গত ৬ জুলাই দুপুরে মেথিকান্দা রেলস্টেশনে সশরীরে উপস্থিত হন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তিনি ববি বেগমের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থসহ চাল, ডাল, তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।
তবে নির্যাতনের আঘাত সইতে না পেরে বুধবার (৮ জুলাই) রাতে হঠাৎ ববি বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার রাত ৯টায় মেথিকান্দা রেলস্টেশনের সামনেই তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, রেলওয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত এলাকাবাসী অশ্রুসজল চোখে অংশ নেন। জানাজা শেষে মেথিকান্দা এলাকার একটি স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, “একজন নিঃসহায় বাক-প্রতিবন্ধী পরিচ্ছন্নকর্মীর ওপর এমন বর্বর আক্রমণ ও লুটপাট অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে রায়পুরা থানা ও সংশ্লিষ্ট পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
টিএইচএ/
